বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

  ২৪ অক্টোবর ২০২৪, ১১:১৪
ছবি-এএফপি

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টটিতে জার্মান এই ক্লাবটির কাছে টানা ৬ ম্যাচে হারের তিতো স্বাদ পেয়েছিল কাতালানরা। কিন্তু অবশেষ বায়ার্নের বিপক্ষে জয়েরে দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর এই জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া।

বুধবার (২৩ অক্টোবর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান জায়ান্টদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া এবং আরেকটি গোলে করেছেন রবের্ত লেভানদোভস্কি। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন।

ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে প্রায় সাড়ে ৯ বছর পর বায়ার্ন মিউনিখকে হারাল বার্সেলোনা। এর আগে ২০১৫ সালের মে মাসে ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির জোড়া ও নেইমারের একটি গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠে ফের্মিন লোপেসের বাড়ানো বল ক্লিয়ার করার চেষ্টায় পারেননি বায়ার্নের এক ডিফেন্ডার। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক মানুয়েল নয়ারের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন রাফিনিয়া।

এরপর বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে যায় বায়ার্ন। অষ্টাদশ মিনিটে আর হতাশ হতে হয়নি তাদের। বক্সে বাঁ দিক থেকে সের্গে জিনাব্রির পাসে চমৎকার ভলিতে সমতা টানেন ইংলিশ স্ট্রাইকার কেইন। ২৬তম মিনিটে বক্সের বাইরে থেকে লেভানদোভস্কির নিচু শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

৩৬তম মিনিটে আবারও গোল হজম করে বায়ার্ন। লামিনে ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করার চেষ্টায় পারেননি ডিফেন্ডার কিম মিন-জায়ে। তার পেছনেই থাকা ফের্মিন বক্সে ঢুকে নয়ার এগিয়ে আসায় ফ্লিক করে বল দেন অন্য পাশে। বাকি কাজটা সারেন লেভানদোভস্কি।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-১ করেন রাফিনিয়া। ডান দিক থেকে মার্ক কাসাদোর ক্রস বাঁ দিকে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে একজনের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, সেখানে তার ডান পায়ের শট প্রতিপক্ষের আরেকজনের দুই পায়ের ফাঁক দিয়ে দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। ৫৬তম মিনিটে মাঝমাঠ থেকে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি, সঙ্গেই লেগে ছিল প্রতিপক্ষের দুজন। তাদের সুযোগ না দিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৭ বছর বয়সী ফুটবলার।

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যাটট্রিক করা চতুর্থ ব্রাজিলিয়ান ফুটবলার তিনি। আগের তিন জন হলেন রিভালদো, রোনালদিনিয়ো ও নেইমার।

বাকি সময়েও বায়ার্নকে কোণঠাসা করে রেখে আক্রমণ করে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে বায়ার্নের বিপক্ষে ১৪ ম্যাচে বার্সেলোনার তৃতীয় জয় এটি, হার ১০টি, বাকি একটি ড্র। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।

আরটিভি/এসআর

সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

লিবিয়ায় ১৫ ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখে নাইজেরিয়ান ফুটবলারদের!

 

লিবিয়ায় ১৫ ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখে নাইজেরিয়ান ফুটবলারদের!

এ সময়ে কোনো খাবার কিংবা পানীয়ও দেওয়া হয়নি নাইজেরিয়ার খেলোয়াড়দের

আফ্রিকা কাপ অফ নেশন্স কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে লিবিয়া গিয়েছিল নাইজেরিয়া ফুটবল দল। কিন্তু একটি পরিত্যক্ত বিমানবন্দরে কোনো খাবার ও পানীয় সরবরাহ ছাড়া তাদের খেলোয়াড়দের ১৫ ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। যে কারণে কিন্তু ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 

আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি তাদের এক সংবাদে জানিয়েছে, রোববার চার্টার্ড ফ্লাইট অবতরণ করার পর থেকে লিবিয়ার একটি পরিত্যক্ত বিমানবন্দরে ১৫ ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয় নাইজেরিয়ান দলটিকে। এই "অমানবিক আচরণের" অভিযোগের পর সোমবার দলকে দেশে ফেরত পাঠাবে এনএফএফ।

নাইজেরিয়ার খেলোয়াড়দের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি আল আলব্রাক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু কিছু কারণ দেখিয়ে বেনগাজির একটি পরিত্যক্ত বিমানবন্দরে তাদের অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু পরবর্তীতে আল আলব্রাক বিমানবন্দরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি লিবিয়ার তরফ থেকে।

সামাজিকমাধ্যমে নাইজেরিয়ার খেলোয়াড়রা বিভিন্ন পোস্ট করে বিষয়টি সামনে তুলে ধরেন। তাদের দাবি, বাইরে যাওয়ার গেট তালাবন্ধ করে ১৫ ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয় সেই বিমানবন্দরে। খাবার তো দূরের কথা এমনকি কোনো ধরণের পানীয়ও সরবরাহ করা হয়নি।

গত সপ্তাহে সুপার ঈগলসের কাছে ০-১ ব্যবধানে হারের পর লিবিয়ান খেলোয়াড়েরা দাবি ছিল, তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। তবে তাদের অভিযোগ অস্বীকার করে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। ধারণা করা হচ্ছে সে কারণেই প্রতিশোধ নিতে এমন কাজ করেছে লিবিয়া।  

মঙ্গলবার সন্ধ্যায় আফকন কোয়ালিফায়ারে লিবিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল সুপার ঈগলদের। তবে এনএফএফের যোগাযোগের পরিচালক অ্যাডেমোলা ওলাজিরে বলেছেন, 'খেলোয়াড়রা আর ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে কারণ এনএফএফ কর্মকর্তারা দলকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন।'

একটি আনুষ্ঠানিক অভিযোগ কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের (সিএএফ) কাছেও পাঠানো হয়েছে নাইজেরিয়ার পক্ষ থেকে। লিবিয়ায় তাদের সরকারের অনুমোদন ছাড়া এ বিষয়ে হস্তক্ষেপও করতে পারে না নাইজেরিয়ান দূতাবাস।

মেসির প্রভাব : ২০ ধাপ এগিয়ে সেরা দশে এমএলএস

 

মেসির প্রভাব : ২০ ধাপ এগিয়ে সেরা দশে এমএলএস

অন্যদিকে গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়েছে রোনালদোর সৌদি প্রো লিগ

ইউরোপের পাট চুকিয়ে গত বছরই মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েছেন লিওনেল মেসি। অপ্টা দ্য এনালিস্টের দেওয়া তথ্য অনুযায়ী, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগের তালিকায় এমএলএস ছিল ২৯ নম্বরে। আর্জেন্টাইন অধিনায়কের আগমনে চলতি বছর এক ধাক্কায় লিগটি এগিয়েছে ২০ ধাপ। ঢুকে পড়েছে সেরা দশে।

মাঠের খেলায় লিগের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করে একটি সেরা তালিকা প্রকাশ করে থাকে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অপ্টা। বিশ্বের ১৮৩টি দেশের ৪১৩টি ঘরোয়া লিগের ১৩ হাজারের বেশি ক্লাব নিয়ে গবেষণা করে পাওয়ার রেটিং করে থাকে তারা।

সোমবার ঘোষিত সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ৭৮.২ পাওয়ার রেটিং নিয়ে মেসির এমএলএস এখন নয় নম্বরে। প্রতিষ্ঠানটি নিজেদের করা প্রতিবেদনে মেসির এমএলএস এবং রোনালদোর প্রো লিগের মধ্যকার পার্থক্যের একটি চিত্র তুলে ধরে। গত বছর সৌদি প্রো লিগের অবস্থান ছিল ৩৬ নম্বরে। এবার ৭৩.৬ পাওয়ার রেটিং নিয়ে প্রো লিগ তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ৩৩ নম্বরে।

রোনালদো ছাড়াও বর্তমানে অনেক তারকা খেলোয়াড়ই খেলে থাকেন সৌদি প্রো লিগে। নেইমার, করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, এনগালো কান্তে, রিয়াদ মাহরেজদের মতো নামীদামী খেলোয়াড়রা যোগ দিয়েছেন এই লিগে। তাতে এই লিগের মান অনেক ওপরে উঠে। কিন্তু সে তুলনায় তরুণ খেলোয়াড়দের আকর্ষণ করতে পারেনি এই লিগ।

অন্যদিকে অনেক বছর ধরেই ধারাবাহিকভাবে অনেক ভালো মানের খেলোয়াড়রা খেলেছেন এমএলএসে। খেলেন অনেক নামীদামী তারকারাও। তরুণদেরও আকর্ষণ রয়েছে এই লিগে। আর মেসি যোগ দেওয়ার পর লিগটির ব্র্যান্ডিং ও বাণিজ্যিক দিক আরও শক্তিশালী হয়েছে। তরুণ খেলোয়াড়দের আধিক্যের কারণে লিগে প্রতিদ্বন্দ্বিতাও বেশি।

অপটা পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী দলের মানের ক্ষেত্রে প্রো লিগের তুলনায় এমএলএস অনেক কঠিন প্রতিযোগিতা। এমএলএসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন র‍্যাঙ্কিংযুক্ত দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে ৬৩৮ স্থানের পার্থক্য রয়েছে। যেখানে সৌদি প্রো লিগে প্রায় দ্বিগুণ। এই লিগে সর্বোচ্চ এবং সর্বনিম্ন র‍্যাঙ্কিংযুক্ত দলের মধ্যে পার্থক্য ১১৩০ স্থান।

উত্তর আমেরিকান অঞ্চলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি লিগ যুক্তরাষ্ট্রের এমএলএস আর মেক্সিকোর লিগা এমএক্সের সঙ্গে কানাডার সিএফএল মিলিয়ে আয়োজিত লিগস কাপে এমএলএসের ক্লাবগুলো ভালো করেছে। চ্যাম্পিয়ন হয়েছে মেসির মায়ামি। রানার্স আপ ও তৃতীয়ও হয়েছে এমএলএসের ক্লাব ন্যাশভিল ও ফিলাফেলফিয়া ইউনিয়ন।

তবে ক্লাব র‍্যাঙ্কিংয়ে মেসির দলের চেয়ে এগিয়ে আছে রোনালদোর আল-নাসর। আল নাসরের অবস্থান ৯২তম স্থানে। যেখানে মেসির মায়ামি রয়েছে ৯৮ নম্বরে। সৌদি আরবের দলগুলোর মধ্যে সবার উপরে আছে আল হিলাল। ৩৪তম স্থানে রয়েছে তারা। তবে সেরা-র‍্যাঙ্কযুক্ত এমএলএস দল হচ্ছে কলম্বাস ক্রু। ৩৫তম স্থানে রয়েছে দলটি।

উল্লেখ্য, লিগের বিবেচনায় বরাবরের মতো পাওয়ার রেটিংয়ে সবার ওপরে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দ্বিতীয় স্থানে আছে ইতালিয়ান সিরি আ। এরপর তিনে জার্মান বুন্ডেসলিগা, চারে স্প্যানিশ লা লিগা এবং পাঁচে ফ্রেঞ্চ লিগ আঁর অবস্থান। তবে সিরি আ ও বুন্ডেসলিগার রেটিং পয়েন্ট সমান ৮৬.২।

আাজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৪ অক্টোবর)


উয়েফা নেশনস লিগে আজ অনুষ্ঠিত হবে ফ্রান্স-বেলজিয়াম ও জার্মানি-নেদারল্যান্ডসের দুটি হাইভোল্টেজ ম্যাচ। রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের খেলার সময়সূচি:


উয়েফা নেশনস লিগ
জর্জিয়া-আলবেনিয়া
রাত ১০টা, সনি স্পোর্টস-২

বেলজিয়াম-ফ্রান্স
রাত ১২টা ৪৫মি., সনি স্পোর্টস-১

জার্মানি-নেদারল্যান্ডস
রাত ১২টা ৪৫মি., সনি স্পোর্টস-২

ইতালি-ইসরায়েল
রাত ১২টা ৪৫মি., সনি স্পোর্টস-৩

ইউক্রেন-চেক প্রজাতন্ত্র
রাত ১২টা ৪৫মি., সনি স্পোর্টস-৫

/এমএইচআর

বিপিএলে দল পাননি দেশের যে তারকারা


জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে দেশি ও বিদেশি মিলিয়ে দল পেয়েছেন মোট ৭৮ জন ক্রিকেটার।

রাজধানীর একটি অভিজাত হোটেলে সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ছবি: বিসিবি
রাজধানীর একটি অভিজাত হোটেলে সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ছবি: বিসিবি

তবে সোমবারের (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফটে সাত ফ্র্যাঞ্চাইজির কাছে উপেক্ষিত থেকেছেন দেশের একাধিক তারকা ক্রিকেটার। যে তালিকায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, রুবেল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাসুম আহমেদ ও শুভাগত হোমরা।
 
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন মোসাদ্দেক হোসেন। গত আসরেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে ছিলেন দেশের হয়ে ৮০ আন্তর্জাতিক ম্যাচ খেলা এ অলরাউন্ডার। চলতি বছরই তার নেতৃত্বে ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বল-ব্যাট হাতে পারফরম্যান্সটাও খারাপ না। কিন্তু এরপরও কোনো ফ্র্যাঞ্চাইজি এবার তাকে দলে ভেড়ায়নি।
 
মোসাদ্দেকের মতো গত আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেয়া শুভাগত হোমও এবার দল পাননি।  অন্যদিকে গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা মুমিনুল হকও পাননি দল। ৩৩ বছর বয়সি এ টপ অর্ডার ব্যাটারকে অবশ্য টেস্ট স্পেশালিস্ট হিসেবেই বিবেচনা করা হয়। তাই হয়তো ফ্র্যাঞ্চাইজিদের সুনজরে পড়েননি।
 
 
কিন্তু নাসুম আহমেদ ও নাজমুল অপুদের মতো স্পিনারদের দল না পাওয়াটা অপ্রত্যাশিত। বিপিএলের সবগুলো আসরেই তারা নিয়মিত পারফরম্যান্স করে গেছেন। জাতীয় দলেও যখন সুযোগ পেয়েছেন, দ্যুতি ছড়িয়েছেন। গত আসরে নাসুম খুলনা টাইগার্স আর নাজমুল অপু খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সে।
 
একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত থেকেছেন এক সময় তিন সংস্করণেই জাতীয় দলের অটো চয়েজ থাকা রুবেল হোসেন। ডানহাতি এই পেসার এখন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। গত বছর খুলনা টাইগার্সে খেলা এ পেসারকে এবার দলে ভেড়ায়নি কেউই।
 
এদিন ফ্র্যাঞ্চাইজিদের ‍সুনজরে পড়েননি ফজলে মাহমুদ রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, সাদমান ইসলাম, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, কাজী অনিক, সাকলায়েন সজীব, সুমন খান, মুক্তার আলী, শামসুর রহমান, সোহাগ গাজি, ফরহাদ রেজারাও।
 
 
যদিও এখনো সুযোগ আছে তাদের দলে ভেড়ানোর। কোনো ফ্রাঞ্চাইজি চাইলেই ভিত্তিমূল্য অনুযায়ী দলে টানতে পারে তাদের।
 
বিপিএলের এবারের আসরে তিনটি ফ্র‍্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিয়েছে দুর্বার রাজশাহী। এছাড়া নতুন ফ্র‍্যাঞ্চাইজির মধ্যে আছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। সব ঠিকঠাক থাকলে বিপিএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর।